স্টাফ রিপোর্টার : এক সময়ের বিএনপির ‘দুর্জয় ঘাঁটি’ হিসেবে পরিচিত ছিলো রাজশাহী। তবে গত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়নের কারণে ঘরবাড়ি ছাড়া ছিলেন দলটির নেতাকর্মীরা। পুলিশি হামলা ও হয়রানিতে দুর্বল হয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম। তবে গত বছরের ৫ আগস্টের পর ঘুরে দাড়ানোর চেষ্টা করছে এ দলটি। এরই মধ্যে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের তারিখ আগামী ১০ আগস্ট নির্ধারণ হয়েছে। এ সম্মেলন ঘিরে স্বরূপে ফিরতে যাচ্ছে দলটি।
বৃহস্পতিবার মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের মিডিয়া সেল উপ-কমটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপ-কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক মিলন বলেন, সম্মেলন হবে উৎসব মুখর। মিলন মেলায় পরিণত হবে। রাজশাহী মহানগরীর সাংগঠনিক সাতটি থানা ও ৩৫টি ওয়ার্ডের সকল কাউন্সিলর ও ডেলিগেটেডসহ সকল নেতাকর্মী উপস্থিত থাকবেন। কারণ এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
তিনি বলেন, বিগত দিনের সব ভেদাভেদ ভূলে বিএনপি এখন এক কাতারে। এই সম্মেলনে সাবেক বর্তমান সবাই উপস্থিত থাকবেন। কারণ ২০০৯ সালের পরে এই সম্মেলন হতে যাচ্ছে। তিনি বলেন, পতিত সরকার সতের বছর বিএনপিকে নির্যাতন করেছে। লক্ষ লক্ষ মামলা দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে রেখেছে। এখনোও প্রতিদিন হাজিরা দিতে হচ্ছে।
তিনি আরো বলেন, পতিত সরকারের আমলে বিএনপি শত বাধা অতিক্রম করে আন্দোলন করেছে। এখনো জনগণের অধিকার আদায়ে আন্দোলনে রয়েছে। তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী রমজানের পুর্বেই দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দিয়েছেন। এটা তারেক রহমানের ওয়ান টু ওয়ান আলোচনার ফসল বলে উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহী মহানগরীল সাবেক ও বর্তমান কাউকে বাদ দিয়ে নয়। ঐক্যমত ও সবার সম্মতিতে কাউন্সিল হবে। এই সম্মেলনে সাবেক ও বর্তমানের সিনিয়র-জুনিয়র সবাই থাকবেন। সম্মেলনে সকল সাংবাদিকদের উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদিন শিবলী, সদস্য মনিরুজ্জামান শরীফ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বতর্মান আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত উপস্থিত ছিলেন।#