৯ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

রাজশাহী নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে শ্রমিকদের কর্মবিরতি

Admin Published: October 29, 2025, 5:44 pm
রাজশাহী নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে শ্রমিকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারিরা কর্মবিরতি শুরু করেছেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দৈনিক ৭৫০ টাকা হারে মাসিক ২২ হাজার ৫০০ টাকা বেতন প্রদানসহ ছয় দফা দাবিতে বুধবার দিনভর কর্মবিরতি পালন করেন তারা।

সকালে কর্মবিরতি শুরু করে নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়। একইসঙ্গে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেয় শ্রমিকরা। এতে কর্মকর্তারা কেউই নগর ভবনে প্রবেশ করতে পারেননি। ফলে সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় সেবা নিতে এসে সাধারণ নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা অন্তত আড়াই হাজার কর্মচারি সরকারি প্রজ্ঞাপনের নির্ধারিত মজুরি অনুযায়ী বেতন পাচ্ছেন না। তাদের দৈনিক ৪৮০ টাকা হারে বেতন দেওয়া হয়। কিন্তু প্রায় পাঁচ মাস আগে ৭৫০ টাকা হারে বেতন দেওয়ার জন্য সরকারি প্রজ্ঞাপন জারি হয়। এছাড়া চাকরি স্থায়ী না হওয়ায় সব সময় চাকরি হারানোর আশঙ্কায় থাকেন তারা। বারবার দাবি জানিয়েও কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে কর্মবিরতির পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

এদিকে দুপুরের পর পুলিশ পাহারায় প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নগর ভবনে প্রবেশ করে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। তবে শ্রমিকরা জানায়, তাদের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখবে। বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ শাখার একজন কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে কর্মচারি প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের আলোচনা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি দ্রুত সরাহা করা হবে।

কর্মচারিদের শ্রমিকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, দৈনিক মজুরির কর্মচারিদের চাকরি স্থায়ী করা, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বেতন প্রদান, সব উৎসব ভাতা দেওয়া, প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বেতন প্রদান, চাকরিচ্যুতির হুমকি বন্ধ করা এবং অবসরের সময় বিদায় সম্মান প্রদানের ব্যবস্থা করা।