স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃহৎ পরিসরের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে একযোগে নগরীর লক্ষ্মীপুর মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, ঢাকা বাস স্ট্যান্ড, তালাইমারি মোড়, মনি চত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলুপট্টি ও বর্ণালী মোড়ে ড্রিল অনুষ্ঠিত হয়।
ড্রিলের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, কার্যকর সমন্বয় এবং শহরজুড়ে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা যাচাই করা হয়। এতে নগরীর নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে বলে মনে করছে নগর পুলিশ।
আরএমপি কমিশনার ড. মো: জিল্লুর রহমান সরেজমিনে ড্রিল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের জন্য ধন্যবাদ জানান।
এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।