স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “আমাদের সবার লক্ষ্য শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা সব সময় আপনাদের পাশে আছি।
রাসিক প্রশাসক আরো বলেন, আমরা রাজশাহীকে গ্রিন সিটি ও ক্লিন সিটির পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে নগরবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ ওয়াইফাই এর দাবি জানালে তাৎক্ষনিক রাসিক প্রশাসক প্রতিটি পূজামণ্ডপে ওয়াইফাই সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
সভামঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান কল্যান ফ্রন্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, আরডিএ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, এসআরবি-৫ এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফ প্রমুখ।
সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও আনসার মোতায়েন এবং প্রতিটি পূজামন্ডপে নিজেদের মধ্যে থেকে সেচ্ছাসেবক টিম রাখা, ৮৫টি পূজামন্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গ্রহণ, মন্ডপসমূহে ও বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থাকরণ, পূজামন্ডপের পার্শ্ববর্তী রাস্তাঘাট মেরামত পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং বিসর্জন ঘাটে বিসর্জনের সুবিধার্থে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রতিটি পুজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিকান্ড সংক্রান্ত দুর্ঘটনা এড়ানো, মন্ডপ কমিটির নিজ দায়িত্বে প্রয়োজনীয় অগ্নিনির্বাপন ব্যবস্থা গ্রহণ, বিসর্জন ঘাটে বিসর্জন চলাকালীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ডুবুরি দল মোতায়েন রাখা, ট্রাফিক ব্যবস্থা জোরদারসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।