৫ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

রাজশাহী নগরীর ড্রেনের পানিতে মিলল ১০ ও সাত কেজির মাগুর!

Admin Published: April 19, 2025, 6:38 pm
রাজশাহী নগরীর ড্রেনের পানিতে মিলল ১০ ও সাত কেজির মাগুর!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সাগরপাড়া কাঁচাবাজার এলাকার একটি ড্রেন থেকে ১০ কেজি ওজনের একটি মাগুর মাছ পাওয়া গেছে। স্থানীয় যুবক স্বাধীনের বড়শিতে ধরা পড়ে বিশাল এ মাছটি। একই স্থানে বন্ধু শাকিব নামের আরেক যুবকও ধরেন সাত কেজি ওজনের আরেকটি মাগুর মাছ। শুক্রবার দিবাগত রাতে আধা ঘণ্টার ব্যবধানে মাছ দুটি ধরা পড়ে।

মাছ শিকারী স্বাধীন পেশায় মোটরগাড়ির গ্যারেজের কর্মচারী, আর শাকিব মুরগির দোকানে কাজ করেন। তাঁরা দুজনেই সাগরপাড়ার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে মাছের পোনাভর্তি একটি ভ্যান এ ড্রেনে উল্টে গেছিলো। দীর্ঘদিন ধরে ওই ড্রেনে মাছ ও মুরগির দোকানগুলোর বর্জ্য জমে থাকায় এসব মাছ বড় হয়ে উঠেছে বলে তাঁদের ধারণা। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত শুক্রবার রাতে সাগরপাড়া বাজারের ড্রেনের স্ল্যাব সরিয়ে বেশ কয়েকজন যুবক বড়শি ফেলে মাছ ধরছিলো। এসময় স্বাধীনের বড়শিতে বিশাল মাছটি ধরা পড়ে। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরেই ড্রেনের পানি কমে যাওয়ায় মাছের নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছিল। এর আগে গত বুধবার প্রথমবার স্ল্যাব সরিয়ে কয়েকটি বড় মাগুর মাছ চোখে পড়ে। ওইদিন চারটি মাছ ধরা হয়। বৃহস্পতিবার ধরা পড়ে আরও তিনটি। আর শুক্রবার রাতে বড় মাছ ধরার খবর ছড়িয়ে পড়েছে। এখন এলাকার অনেক তরুণ ড্রেনে বড়শি ফেলে মাছ ধরতে ভিড় জমান।