৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহী নগরীতে ঈদের দিনেই কোরবানীর বর্জ্য অপসারণ করবে রাসিক

Admin Published: June 2, 2025, 6:50 pm
রাজশাহী নগরীতে ঈদের দিনেই কোরবানীর বর্জ্য অপসারণ করবে রাসিক

স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন রাজশাহীর সুনাম অখুন্ন রাখতে এবারো ঈদুল আযহার দিনেই মহানগরীতে কোরবানীর পশুর বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ইতিমধ্যে এ বিষয়ে পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা দিয়েছেন রাসিকের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সোমবার কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনার কথা জানানো হয়। দুপুরে নগরভবনের এ্যানেক্স ভবন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার জানান, পবিত্র ঈদুল আযহা উদযাপনকালে কোরবানির স্থান ও জনগণের যাতায়াতের পথ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সিটি কর্পোরেশন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুম খোলা রাখা হবে।

তিনি বলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ঈদের দিনেই নগরীর পরিচ্ছন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন হয় সে বিষয়ে সকলকে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন। বিগত বছরের মত ঈদের পরের দিনই যেন রাজশাহী পরিচ্ছন্ন এক নগরীতে পরিণত হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। 

রাসিক সূত্র জানায়, ঈদের দিন ভোর ৫টা থেকে হাটবাজার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হবে। সকাল সাড়ে ১১টা থেকে নগরীর ভিআইপি রোডসমূহ পরিচ্ছন্ন করা হবে। কোরবানি পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য পরিস্কারের জন্য দুপুর ২টা থেকে নগরীর দুটি ওয়াটার ট্যাংকার নিয়োজিত রাখা হবে। পরিবেশ রক্ষা ও দূর্গন্ধ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমে পশু জবাইয়ের স্থানসমূহে ব্লিচিং পাউডার ও চুন প্রয়োগ করা হবে।

সারিক সূত্রমতে, কেন্দ্রীয় মনিটারিং কার্যক্রমের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে পরিচছন্ন কর্মীরা ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে তা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনে জমা করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও সুপারভাইজারদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানানো হয়েছে। এছাড়া ঈদুল আযহায় বর্র্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমের যোগাযোগের নম্বরসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।#