স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ দমন, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেফতারী পরোয়ানা বাস্তবায়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের সভাকক্ষে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সভায় মহানগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া অক্টোবর মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ ও গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়।
সভায় ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক ও চোরাচালান উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ দমন, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন বিষয়ে গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার।
এই সময়ে পুলিশ কমিশনার অক্টোবর পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য এসআই বোয়ালিয়া থানার এসআই শরিফুল ইসলাম, সার্জেন্ট তোফায়েল আহমেদ এবং রাজপাড়া থানার এএসআই আব্দুল মোতালেবকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন। এছাড়া আরও ১৩ জন পুলিশ অফিসারকে তাদের কর্মদক্ষতার ভিত্তিতে অর্থ পুরস্কারে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার।
সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।