স্টাফ রিপোর্টার : রাজশাহী অঞ্চলে এবছর সর্বনিম্ন ফিতরা ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৩১০ টাকা।
বুধবার রাজশাহীর জামিয়া ইসলামিয়া শাহমখদুম (দরগাপাড়া) মাদরাসার অফিস কক্ষে অনুষ্ঠিত সর্বস্তরের আলিমদের বৈঠকে ১৪৪৬ হিজরির ফিতরা নির্ধারণ করা হয়। বৈঠকে রাজশাহীর বিভিন্ন বাজার থেকে সংগৃহীত নিত্যপন্যের বাজার দর পর্যালোচনা করে এ বৎসর এ অঞ্চলের মুসলমানদের জন্য আদায়যোগ্য ফিতরার হার নির্ধারণ করা হয়।
জামেয়া ইসলামিয়া শাহমখদুম দরগাপাড়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া রহমানিয়া মাদরাসার নায়েবে মুহতামিম ড. মাও. ইমতিয়াজ আহমেদ, জামেয়া ইসলামিয়া মিয়া মোহাম্মদ কসেমী মাদরাসার মুহাদ্দিস মাও. নেক আহমাদ, জামেয়া দারুল উসওয়াহ রাজশাহীর মুহাদ্দিস মুফতি মোস্তাফিজুর রহমান কাসেমী, দারুস সালাম কামিল মাদরাসার মুহাদ্দিস মুফতি যাকারিয়া হাবিবী, সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আব্দুল গণী প্রমুখ।
বৈঠকের সঞ্চালক ড. মাওলানা ইমতিয়াজ আহমেদ বলেন আমরা রাজশাহী অঞ্চলের বিভিন্ন বাজার থেকে নিত্যপন্যের বাজার দর সংগ্রহ করেছি। এরপর উলামায়ে কেরামের বৈঠকে সংগৃহীত বাজার দর পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।