৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

Admin Published: April 21, 2025, 4:53 pm
রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

স্টাফ রিপোর্টার : ছয় দফা দাবিতে নতুন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান ফটকসহ ছয়টি দফতরে তালা দেওয়া হয়।

এর আগে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। ভেতরে থাকা কর্মকর্তাদের বের হওয়ার জন্য ১০ মিনিট সময় দেওয়া হয়। কর্মকর্তারা বের হয়ে গেলে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন।

প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থী সালমান আহম্মেদ তুষার জানান, কেন্দ্রীয় কর্মসূচির বাইরে রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদাভাবে কর্মসূচির ডাক দিয়েছেন। তারই অংশ হিসেবে তারা প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন, যা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এর আগের দিন রবিবার বিকেলে রাজশাহী পলিটেকনিক মাঠে এক সমাবেশ শেষে এই তালা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে গত শুক্রবার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করেন।

এছাড়া গত মঙ্গলবার ও বুধবার দুই দিন রাজশাহী নগরের রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা ও দ্বিতীয় দিন আড়াই ঘণ্টা অবরোধ চলে।