স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
যাত্রীসেবায় হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানা অনিয়মের অভিযোগে এ অভিযান চালনো হয়। দুদকের এ দলের নেতৃত্বে ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন।
দুদকের এ টিম স্টেশন ব্যবস্থাপকের কক্ষে টিকিট বিক্রি, যাত্রীসেবায় হয়রানি ও কুলির ভাড়ায় অনিয়মের ব্যাপারে সতর্ক করেন। আসন্ন ঈদুল আযহায় যাত্রীসেবার মান যেন ঠিক থাকে, সে বিষয়েও সতর্ক করা হয়। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের কর্মকর্তারা।
রাজশাহী রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, ঈদের সময়ের ট্রেনের টিকিট যেন কালোবাজারি না হয়, কোনোরকম অনিয়ম-দুর্নীতি যেন না ঘটে সে বিষয়ে আমাদের অবগত করে গেছেন দুদক কর্মকর্তারা।
তিনি বলেন, আমরা দুদক কর্মকর্তাদের বলেছি যে, শতভাগ টিকিট যেহেতু অনলাইনে তাই কোনো অনিয়মের সুযোগ নেই। গতবার ঈদের সময় আমরা যেভাবে সুনাম কুড়িয়েছি, সে বিষয়ে এবারও তৎপর থাকব।