৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহী সার্কিট হাউজের বৃক্ষ রক্ষাসহ তিন দফা দাবিতে স্মারকলিপি

Admin Published: October 5, 2025, 6:59 pm
রাজশাহী সার্কিট হাউজের বৃক্ষ রক্ষাসহ তিন দফা দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার :রাজশাহীর সার্কিট হাউসের শতবর্ষী ও পঞ্চাশোর্ধ বয়সের বৃক্ষ সুরক্ষাসহ তিন দফা দাবীতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ-এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

এসময় আন্দোলনকারীরা বলেন, রাজশাহীর চরমভাবাপন্ন আবহাওয়াকে স্বাভাবিক রাখতে প্রয়োজন সবুজ বেষ্টনী এবং প্রচুর জলাধার। কিন্তু শহরের সবুজ বেষ্টনী ও জলাধারগুলোর এক বৃহৎ অংশ ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে। নানাবিধ উন্নয়নের নামে রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশের উপর আঘাত হানা হয়েছে বহুবার। কেটে ফেলা হয়েছে এখানকার ঐতিহ্যবাহী, শতবর্ষী বড় বড় সব বৃক্ষরাজি। এখন উন্নয়ন মানেই গাছ কাটা আর কংক্রিটে ভরে দেওয়া। এ ধরনের অপরিকল্পিত উন্নয়ন মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে, প্রাণ-প্রকৃতি ধ্বংস করে অন্যান্য প্রাণীদের আবাসস্থল ও অধিকার হরণ করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে।

তাদের স্মারকলিপির দাবীসমূহ হলো, রাজশাহীর সার্কিট হাউস সম্প্রসারণের জন্য গাছগুলো কর্তন না করে বাঁচিয়ে রাখতে হবে; রাজশাহী বিভাগে ভবিষ্যতে গাছ, প্রাণ-প্রকৃতি ও পরিবেশের কোনো ক্ষতি না করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে এবং কোনো প্রকল্প গ্রহণের পূর্বে প্রয়োজনে পরিবেশকর্মী, পরিবেশবাদী সংগঠন এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করতে হবে।

একই দাবী সম্বলিত স্মারকালিপির অনুলিপি রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালকসহ বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উন্নয়নকর্মী মো. আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের সভাপতি মাহমুদ জামাল কাদেরী, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক  আতিকুর রহমান আতিক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, সেভ ইয়ুথ রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাপ্টরের সভাপতি সামসাদ জাহান, গ্রীন ভয়েস, রাজশাহী সব বিভিন্ন সংঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।