স্টাফ রিপোর্টার :রাজশাহী সীমান্তে পদ্মা নদীর মধ্যচর এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ১৫ টি ভারতীয় মহিষ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন, ১ বিজিবির সদস্যরা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অব্যাহত অভিযানের অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর, তালাইমারি, খিদিরপুর ও শাহাপুর বিওপি’র সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল মহিষগুলো জব্দ করে।
শুক্রবার রাতে রাজশাহী ১ বিজিবি'র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, পদ্মা নদীর মধ্যচর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে করে ভারত থেকে অবৈধভাবে মহিষ পাচারের প্রস্তুতি কালে সেগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়নের অধিনস্থ চারটি বিওপি’র ৬০ জন বিজিবি সদস্য রাতভর পদ্মা নদীর চরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়।
এক পর্যায়ে চোরাকারবারীরা ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি’র আভিযানিক দল ধাওয়া শুরু করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মহিষগুলো চরের বিভিন্ন স্থানে ফেলে পালিয়ে যায়।
পরে চরের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি পরিচালনা করে ১৫ টি মহিষ জব্দ করা হয়।
জব্দ করা মহিষগুলো শুক্রবার রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি জানায়
জব্দ করা ভারতীয় মহিষের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৫০ হাজার টাকা।