৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহী থেকে অপহৃত স্কুলছাত্রী চারমাস পর উদ্ধার, কিশোর গ্রেফতার

Admin Published: October 22, 2025, 12:52 pm
রাজশাহী থেকে অপহৃত স্কুলছাত্রী চারমাস পর উদ্ধার, কিশোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরী থেকে অপহৃত স্কুলছাত্রীকে চারমাস পর নওগাঁর আত্রাই উপজেলার কুমরইল নামক এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে অপহরণে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কিশোরের নাম সুমন বাবু (১৪)। সে নওগাঁর আত্রাই উপজেলার কুমরইল গ্রামের বেলাল হোসেনের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার রাজশাহী র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, ভিকটিম স্কুলছাত্রীকে স্কুলে যাওয়ার পথে সুমন বাবু প্রতিনিয়ত নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত। এরই অংশ হিসেবে গত ১৪ মে রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে তকে অপহরণ করা হয়। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা নগরীর রাজপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার পর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার কুমরইল এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা সুমনকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। তাদের নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।