স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী থেকে অপহৃত স্কুলছাত্রীকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের অভিযোগে পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, গোদাগাড়ীর চর আমতলা এলাকার হামিম (২২) ও তার পিতা তাজু শেখ (৬৫)।
র্যাব জানায়, ভিকটিম উপজেলার স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। আসামী হামিম বিবাহিত হওয়া সত্ত্বেও স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো। বারবার এ বিষয়ে নিষেধ করা সত্ত্বেও ওই ছাত্রীর ক্ষতি করার পায়তারা করছিলো। এরই অংশ হিসেবে গত ১৭ আগস্ট সকালে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে থানায় অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে বুধবার দিবাগত গভীররাতে রাতে ঢাকার দক্ষিণখান থানার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে পিতাপুত্রকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়। আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।