৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীর আলোচিত ‘হুন্ডি মুকুল’ কক্সবাজারে গ্রেফতার

Admin Published: August 6, 2025, 11:44 pm
রাজশাহীর আলোচিত ‘হুন্ডি মুকুল’ কক্সবাজারে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরে ‘আত্মগোপনে’ থাকা রাজশাহীর আলোচিত হুন্ডি ব্যবসায়ী ও নাশকতাসহ একাধিক মামলার আসামী মোখলেসুর রহমান মুকুল ওরফে ‘হুন্ডি মুকুল’ (৪৫) গ্রেফতার হয়েছে। বুধবার কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায় ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রাজশাহীতে মোখলেসুর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাজশাহীতে সে ‘হুন্ডি মুকুল’ নামে পরিচিত। তার বাড়ি রাজশাহী নগরের কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর মহল্লায়।

জানা গেছে, এক দশক আগেও পাড়ায় মুদিদোকান চালাতেন মুকুল। অথচ এখন হাজার কোটি টাকার মালিক। ভারতের পশ্চিমবঙ্গের গরু পাচার সিন্ডিকেটের হোতা এনামুলের সঙ্গে তার গভীর সখ্য ছিল। সেই থেকেই কোটিপতি মুকুল।

হুন্ডি মুকুল রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের ছত্রছায়ায় নানা অপকর্মের হোতা। মুকুল তার কাল টাকা সাদা করতে ঠিকাদারী ব্যবসায় নাম লিখিয়েছিলেন।

গত কয়েকবছরে প্রায় ৩০০ কোটি টাকার কাজ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের। আওয়ামী লীগের এমপি আসাদকে গাড়ি উপহার দিয়ে তিনি বাগিয়ে নিয়েছিলেন জেলার গোদাগাড়ী উপজেলার একটি বালুমহাল। আওয়ামী সরকারের পতনের পরও তিনি বালুমহালটি ইজারা পেয়েছেন। ‘আত্মগোপনে’ থাকা মুকুল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বালুমহাল ইজারার চুক্তিপত্রে স্বাক্ষরও করেছিলেন। বিষয়টি জানাজানি হলে রাজশাহীতে বিক্ষোভও হয়।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, আইনি প্রক্রিয়ায় মুকুলকে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।