৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীর বিভিন্ন সীমান্তে শীতার্তদের মধ্যে বিজিবির কম্বল বিতরন

Admin Published: January 11, 2026, 11:10 pm
রাজশাহীর বিভিন্ন সীমান্তে শীতার্তদের মধ্যে বিজিবির কম্বল বিতরন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বিজিবি। রবিবার শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি সেক্টর, সদর দফতরের উপ-মহাপরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় প্রতিটি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহী সেক্টরের অধীনস্থ ৫টি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

কর্মসূচিতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, সীমান্ত ব্যাংকের ম্যানেজার ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সম্প্রতি রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়া, খানপুর ও সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, দুঃস্থ ও শীতার্ত জনগণের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও গত শনিবার সীমান্ত পরিবার কল্যাণ সমিতির নিজস্ব ব্যবস্থাপনায় শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল মাঠে শালবাগান এলাকার শীতার্ত ও প্রতিবন্ধী জনগণের মাঝে কম্বল বিতরণ করা হয়।