৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীর চারঘাটে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

Admin Published: February 14, 2025, 11:44 am
রাজশাহীর চারঘাটে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। শুক্রবার র‌্যাব রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে একটি বিদেশী পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, একটি বিদেশী পিস্তলের ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও হাতবোমা তৈরীর কাজে ব্যবহৃত প্রায় তিন কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলী জমিতে বস্তার ভেতর ফেলে রেখে গিয়েছিল। এ তথ্যের প্রেক্ষিতে র‌্যাব রাজশাহী ও সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী গ্রুপ সংগ্রহ করে রেখেছিল। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের কারণেই তারা এ সকল আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।