৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীর দুই মণ্ডপে অনুষ্ঠিত হলো কুমারী পূজা

Admin Published: September 30, 2025, 6:30 pm
রাজশাহীর দুই মণ্ডপে অনুষ্ঠিত হলো কুমারী পূজা

স্টাফ রিপোর্টার : প্রতিবারের মত এবারো মহাঅষ্টমীতে রাজশাহীর ত্রিনয়নী মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এবার প্রথমবারের মত টাইগার সংঘের মণ্ডপে কুমারীপূজার আয়োজন করা হয়।

আগে শুধু নগরীর সাগরপাড়া এলাকার ত্রিনয়নী মন্দিরে কুমারী পূজা হলেও এবার নতুন করে রানীবাজারের টাইগার সংঘের পূজামণ্ডপেও অনুষ্ঠিত হলো কুমারী পুজা। মঙ্গলবার মণ্ডপ দুটিতে পৃথকভাবে দেবীর রূপে দুই কুমারীকন্যাকে নির্ধারিত আসনে বসিয়ে ফুল, চন্দন, ধূপ, ধুনো ও প্রসাদ দিয়ে পূজা করেন পুরোহিত।

টাইগার সংঘের মণ্ডপে ৬ বছর বয়সি শিশু শ্রেনীর ছাত্রী অধরা দাসকে মাতৃরূপে কুমারী পূজা করেন ভক্তরা। আর ত্রিনয়নী মন্ডপে দেবীর আসনে বসে সাড়ে চার বছরের অঙ্কিতা ঘোষ। সাধারণত অষ্টমী তিথিতে দিনের বেলায় অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। আর রাতে হয় সন্ধি পূজা। অষ্টমীর শেষ এবং নবমীর শুরু-এই সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় বলে এ পূজার নাম সন্ধি পূজা। যেসব মণ্ডপে কুমারী পূজা হয়, সেখানে একই দিনে তিনটি পূজা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন  সংশ্লিষ্টরা।

এ দিন রাজশাহী নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এবং মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তারা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সবার সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।