স্টাফ রিপোর্টার : ‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গ্রামে শুরু হয়েছে, নৃগোষ্ঠীদের তিনদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও প্রদর্শনী। রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ৭০ টি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে ৮টি জনজাতির নাচ-গান ছাড়াও ঐতিহ্যবাহী ব্যবহার্য জিনিসপত্রের প্রদর্শন করা হচ্ছে এ আয়োজনে। এ প্রতিযোগীতায় আদিবাসীদের কৃষি ও শিকার যন্ত্রপাতি, গৃহস্থালি ব্যবহার্য, পোশাক, অলঙ্কার, খাবার প্রদর্শন করা হচ্ছে।
রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে শনিবার বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিবিভিও’র সহযোগিতায় জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম, সহ-সভাপতি আরিফা বেগম, নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্র নাথ সিং, সিসিবিভিওর নির্বাহী সদস্য মারজানা সাবিহা শুচি, সাধারণ সদস্য ডা. শরীফ আহমেদ খান, রিশিকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান টিটু ও কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় নৃতাত্ত্বিক সাংস্কৃতিক অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন ও নৃতাত্ত্বিক সংস্কৃতিক চর্চা অব্যাহত রাখবার আহ্বান জানান। দিনব্যাপী ৭০টি সাংস্কৃতিক দলের ঐতিহ্যবাহী নৃত্য ও স্টল প্রর্দশন করবার মধ্য দিয়ে প্রথম দিনের আনুষ্ঠানিকতার সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রথমদিন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কাদমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সরেন, মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা, অলচিকির শিক্ষক রাসেদা মার্ডী। আয়োজনে সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন সমন্বয়কারী আরিফ ইথার, সহ সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন ও প্রদীপ মার্ডী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক এক্কা ও হ্যাপী সরেন।