৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীর জেনারেল হাসপাতালে হামলা ও চাঁদাদাবির অভিযোগে মামলা

Admin Published: September 24, 2025, 12:10 am
রাজশাহীর জেনারেল হাসপাতালে হামলা ও চাঁদাদাবির অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকায় অবস্থিত বেসরকারি  জেনারেল হাসপাতালে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগে মামলা হয়েছে। গত রবিবার হাসপাতালের স্বত্বাধিকারী শিহাব নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে শিহাব উল্লেখ করেন, হাসপাতাল পরিচালনার সময়ে আবু সাদাত মোঃ সায়েম ওরফে রাজু (৫০) রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনিভাবে হাসপাতালের চেয়ারম্যান পদ দখল করেন। যদিও রাজুর নিজের কোনো শেয়ার নেই, শুধুমাত্র তার স্ত্রী মেরিনা খাতুন এর নামে ৫% শেয়ার থাকায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর থেকে তিনি প্রাপ্য লভ্যাংশ ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় শুরু করেন।


মামলার অভিযোগে বলা হয়, গত শনিবার (২০ সেপ্টেম্বর)  রাত সোয়া ৮টার দিকে রাজুর নেতৃত্বে অন্তত ২০/২২ জন ব্যক্তি হাসপাতালের এমআরআই ইউনিটে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা শিহাবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা জাহিদ হাসান শিশিরকে শেয়ার হোল্ডার করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।


শিহাব আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে চড়, থাপ্পড় ও দেয়ালে ধাক্কা দিয়ে জখম করে। এছাড়াও, নুর হোসেন,  জাবের আলী, শরিফুল ইসলাম, আ. বারিক শাহ, আব্দুল্লাহ আল হাসান বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও ধাক্কা মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে।


শিহাব উল্লেখ করেন, এর আগে গত ১ জুন রাতে রাজু ও জাহিদ শিশির তাদের দলবল নিয়ে তাকে মারধরের চেষ্টা করেছিলো।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আসামিরা যে কোনো মুহূর্তে তার ও অন্যান্য পরিচালকদের ক্ষতি করতে পারে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজু কল রিসিভ করেন নি।

রাজপাড়া থানার ওসি বলেন, মামলার ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।