স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোল্লাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে থাকা আদিবাসী মালপাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। রবিবার রাজশাহী মহানগরীর মোল্লাপাড়াস্থ আদিবাসী পাহাড়িয়া গ্রাম পরিদর্শন করে এ দাবি জানান।
সরেজমিন পরিদর্শনকালে প্রতিনিধিদল পাহাড়িয়া জনগোষ্ঠীর উচ্ছেদ আতঙ্কগ্রস্ত মানুষের সাথে তাদের সমস্যা নিয়ে কথা বলেন এবং তাদের ভিটেমাটি রক্ষার লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করেন। প্রতিনিধি দলের সদস্যরা পাহাড়িয়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ভূমির দলিল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পাহাড়িয়া জনগোষ্ঠীর মাঝে বিতরণ ও আবাসনের ব্যবস্থা করার উপরও গুরুত্বারোপ করেন তারা।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, আদিবাসী পাহাড়িয়াদের উচ্ছেদ বন্ধে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি ভূমিদস্যু সাজ্জাদ আলীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রতিনিধিদলে ছিলেন সাংবাদিক ও কবি সোহরাব হাসান, নাগরিক উদ্যাগ’র প্রধান নির্বাহী জাকির হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার সভাপতি জামাত খান, ব্লাস্ট-প্রধান কার্যালয় এর প্রতিনিধি মিনহাজুল কাদির, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সিসিবিভিও সমন্বয়কারী আরিফ ইথার, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, ব্লাস্ট-রাজশাহী জেলা সমন্বয়কারী সামিনা বেগম, স্বেচ্ছাসেবক সম্রাট রায়হান প্রমুখ।