স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়িয়া এলাকার একটি পুকুর থেকে ভাসমান একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুকুরে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে তাকে সনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তির পরনে ছিল কালো টি-শার্ট ও লুঙ্গি। পুকুরপাড়ে একটি লাল গামছাও পাওয়া গেছে।
আরএমপির চন্দ্রিমা থানার ওসি মেহেদি মাসুদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে।