স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ককটেল মুরাদকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর বড়কুঠি মাস্টারপাড়া এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার এক বিজ্ঞপ্তিতে রাজশাহী র্যাব এ তথ্য জানায়। র্যাব জানায়, মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদ (৪০) তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। সে নগরীর সাহেব বাজার মাস্টারপাড়া এলাকার নবাবজানের ছেলে। তার কাজ থেকে ইউএস’র তৈরী পিস্তল, গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, রাজশাহী মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও হাফডজন মামলার আসামী মুরাদ শেখ সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে বিভিন্নস্থানে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি করে আসছিলো। এ তথ্যের ভিত্তিতে তাকে অনুসরণ করছিলো র্যাব। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।