৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

সেই অনিন্দ্যের কোচিংয়ে অভিযান, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

Admin Published: August 16, 2025, 12:55 pm
সেই অনিন্দ্যের কোচিংয়ে অভিযান, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি ও কোচিং সেন্টারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্য নামের একজনকে আটক করা হয়েছে। আনিন্দ্য আগেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়েছিলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আপন চাচাত ভাই।

শনিবার ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই বাড়িতে অভিযান শুরু হয়। বাড়িটি সেনাবাহিনী এখনো ঘিরে রেখেছে। পাশের একটি ভবনেও তল্লাশি চালানো হয়েছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান।

 জানা গেছে, আটক মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫) মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে । অনিন্দ্য সেখানে ‘ডক্টর ইংলিশ’ নামের ওই প্রতিষ্ঠানের পরিচালক।

পুলিশ জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন।

এদিকে অভিযানে ‘ডক্টরস ইংলিশ’ নামের প্রতিষ্ঠানে থেকে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছে, দুটি বিদেশি এয়ারগান, একটি রিভালবার, দেশীয় অস্ত্র ছয়টি, জিপিএস একটি, ওয়াকিটকি চারটি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি, মদের বোতল ৩৫টি। তবে অভিযান নিয়ে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা কথা বলেননি।

রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী নগরীর একটি বাড়ি ও কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।