৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীর সড়কে বাসচাপায় ঝরলো দুই প্রাণ

Admin Published: November 15, 2024, 5:56 pm
রাজশাহীর সড়কে বাসচাপায় ঝরলো দুই প্রাণ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)।

রাজশাহীর গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান জানান, আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। তারা অভয়া-কামারপাড়া এলাকায় পৌছলে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মী।

গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, লাশ দুটি পুলিশের হেফাজতে আছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।