৫ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

রাজশাহীর সুরুজ হত্যায় বোন ও দুই ভাগনে গ্রেফতার

Admin Published: April 15, 2025, 1:48 pm
রাজশাহীর সুরুজ হত্যায় বোন ও দুই ভাগনে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিলশিমলা এলাকায় চাঞ্চল্যকর মো. সুরুজ (৪৫) হত্যা মামলায় তার বোন ও দুই ভাগনেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতারর করে র‌্যাব রাজশাহীর একটি দল। নিহত সুরুজ নগরের বিলশিমলা এলাকার বাসিন্দা ছিলেন।

গ্রেফতার তিনজন হলো, সুরুজের বোন জাহানারা বেগম (৫০), জাহানারার ছেলে মো. হিরা (৪০) ও আশরাফ আলী (৪৫)। তাদের বাবার নাম মৃত আনিচুর রহমান। তাদের বাড়ি নগরীর বহরমপুর ব্যাংক কলোনী এলাকায়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১১ এপ্রিল নগরের সিটি বাইপাস এলাকায় আসামিরা সুরুজকে মারধর করেন। হিরা ইট দিয়ে তার মামা সুরুজের মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে সুরুজ মারা যান।

এ ঘটনায় নিহত সুরুজের ছেলে নগরের রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলো। মঙ্গলবার র‌্যাব তাদের থানায় হস্তান্তর করেছে।