স্টাফ রিপোর্টার : রাজশাহী থেকে অন্তত ১২ হাজার নেতাকর্মী আজ শনিবার ঢাকায় পৌছার কথা। জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দেবেন তারা। এদের বেশীরভাগ অংশই যাবেন ও ফিরবেন ট্রেনযোগে। এ জন্য রাজশাহী থেকে ট্রেনও ভাড়া করেছে জামায়াত।
শুধু রাজশাহী থেকে নয়, নেতাকর্মীদের বহনের জন্য রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা- ময়মনসিংহ রুটের একটি করে ট্রেনও ভাড়া করা হয়েছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জামায়াতের আবেদনের প্রেক্ষিতে পৃথক চিঠিতে অনুমোদন দেন। এতে বলা হয়, রাজশাহী মহানগর জামায়াতের আবেদনে রাজশাহী থেকে ১৮ জুলাই দিবাগত রাত ১টায় বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সকাল ৬টায় পৌঁছাবে।
সমাবেশ শেষে ১৯ জুলাই রাত ৮টায় ঢাকায় থেকে ফিরতি যাত্রা শুরু করবে এবং রাত ১টা ১৫ মিনিটে রাজশাহী পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রা বিরতি করবে। ট্রেনটি মধুমতি এক্সপ্রেসের রেক ব্যবহার করে চলবে।
এছাড়া সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছাড়বে। ফিরতি ট্রেন রাতে ১১টা ৫৫ মিনিটে ঢাকায় থেকে ছাড়বে এবং ভোর ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ পৌঁছাবে। ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন চলবে।
জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, ট্রেনের ১ হাজার ১৭৯টি টিকিটের মূল্য বাবদ প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা রেলওয়েকে পরিশোধ করা হয়েছে। রাজশাহী থেকে ১৪ বগির পুরো ট্রেনটিই জামায়াত নেতাকর্মীদের জন্য বরাদ্দ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১২ হাজার নেতাকর্মী সাবেশে অংশ নেওয়া কথা রয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকেও ৭-১০টি করে বাসে নেতাকর্মীরা ঢাকায় রওনা হয়েছেন।