স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধারকৃত হারানো ৮৭ টি মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের সভাকক্ষে এসব মোবাইল ফোন হস্তা করেন আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান।
আরএমপি সূত্র জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশ শুধু দৃশ্যমান আইনশৃঙ্খলা রক্ষার কাজই করে না বরং আরো এমন কিছু কাজ করে যেগুলো সাধারণত মানুষ লক্ষ্য করে না। তিনি বলেন, অনেক সময় পুলিশের কার্যক্রম জনগণের কাছে নেতিবাচক মনে হলেও বাস্তবে এসব কার্যক্রম নাগরিকের নিরাপত্তা, জীবন ও সম্পদ রক্ষার স্বার্থেই পরিচালিত হয়। যেমন ট্রাফিক চেকপোস্টে হেলমেট পরিধান নিশ্চিতকরণ এবং যানবাহনের কাগজপত্র যাচাই করন করা হয় মূলত দুর্ঘটনা প্রতিরোধ, আইনগত সুরক্ষার এবং জীবন রক্ষার জন্য।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণের জন্য আলাদা বিভাগ থাকলেও পুলিশ এ বিষয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। তবে মাদক নির্মূলে শুধু পুলিশ নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নাগরিকদের কাছ থেকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেলে পুলিশ দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারে। এ জন্য আরএমপি’র ফেসবুক পেজ, হটলাইন নম্বর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগাযোগ নম্বর চালু রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নাগরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী মহানগরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।
এদিকে মোবাইল ফোন ফেরত পাওয়া মালিকরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। এসময় আরএমপির উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।