স্টাফ রিপোর্টার : রাজশাহী আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার আসামির নাম আরিফ (২৫) । সে রাজশাহী নগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া খিরসিন এলাকার জাকিরের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে একই এলাকার অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়াসহ পালিয়ে যায় আসামি আরিফ। ঘটনার পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পলাতক আসামিকে গ্রেফতারে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে। পাশাপাশি বিভিন্ন থানার টহল টিমকে সতর্ক করে দেয়।
পরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামি আরিফকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আরিফের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।