স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ স্বতন্ত্র পরিদফতর গঠনসহ ৬ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। বিক্ষোভ কর্মসূচি থেকে হুশিয়ারি দিয়ে বলা হয় তাদের ৬ দফা মানা না হলে মহাসড়ক অবরোধ করে রাজপথ অচল করে দেওয়া হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ চলমান অবস্থায় শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি অন্তর্বতী সরকারের কাছে তুলে ধরেন এবং সেগুলো না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান।
এর আগে শিক্ষার্থীরা রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি থেকে বিক্ষোভ মিছিল বের করে সাহেববাজার জিরো পয়েন্টে এসে মিলিত হয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়াও সড়কে শুয়ে প্রতীকী লাশের উপর লাল সবুজের পতাকা বিছিয়ে দিয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় নগরীর প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে রিকশা-অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য ছোট যানবাহনগুলো ভেতরের অলিগলির রাস্তা দিয়ে চলে যায়।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ বলেন, আমাদের দাবি ৬ টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া মিলছে না। ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। এখন যদি দাবি গুলো আদায়ের আশ্বাস না পাওয়া যায় তাহলে সারাদেশের শিক্ষার্থীরা একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। সেই সাথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে অচল করে দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন।
তাদের দাবিগুলোর অন্যতম হলো ডিপ্লোমা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর পদমর্যাদা) প্রদান করে আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে, অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভূক্ত করতে হবে, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে, মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়নসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করতে হবে।