স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে দলীয়কর্মী আলাউদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবি জানোনো হয়। একইসঙ্গে খুনিদেরকে আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আল্টিমেটাম দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও কেন্দ্রিয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আলাউদ্দিনকে হত্যার দুইদিন হয়ে গেলো, কোনো আসামী এখনো গ্রেফতার হয়নি-এটা খুবই উদ্বেগের। তিনি বলেন, আজ আমাদের সমাজে হত্যার বিচার করার জন্য আল্লাহ প্রদত্ত আইন চালু না থাকায় হত্যাকান্ড নিয়ন্ত্রণ করা যায় না।
তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেওয়ার পর বিএনপি বাস্তবে খুন ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। রাজশাহীর রাজনৈতিক অঙ্গন ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ হলেও একটি পক্ষ এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থাকে আইনের শাসন প্রয়োগে জোর দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, শহীদ আলাউদ্দিনের খুনিদেরকে আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তুজা, মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসা কল্যাণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত ৭ মার্চ রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্র্ষে মো. আলাউদ্দিন নিহত হন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও কোনো আসামীকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।#