৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

Admin Published: December 26, 2024, 6:30 pm
রাজশাহীতে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা বিধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে বৃহস্পতিবার রাজশাহী মহানগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদে’র আহ্বানে পরিষদের অন্তর্ভুক্ত ২৫টি ক্যাডারের সকল দফতরের কর্মকর্তারা সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে সমবেত হন। সেখান থেকে মৌন মিছিল নিয়ে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি শুরু করা হয়।  দুপুর ১২টা পর্যন্ত চলমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের রাজশাহী বিভাগের প্রধান সমন্বয়ক, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফ্ফার।

বক্তব্য দেন পরিষদের সমন্বয়ক, সমবায় অধিদফতরের যুগ্ম-নিবন্ধক মোঃ মোখলেসুর রহমান, তথ্য ক্যাডারের কর্মকর্তা, রাজশাহী বেতারের উপ-আঞ্চলিক পরিচারক মো. মনিরুল ইসলাম, শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, রাজশাহী কলেজের অধ্যাপক ড. জামিলা খাতুন, মৎস্য ক্যাডারের কর্মকর্তা ওয়াহেদ মন্ডল, স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মো. আক্তারুল ইসলাম, প্রাণিসম্পদ ক্যাডার কর্মকর্তা আতোয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদে’র সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া পরিষদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্ব-স্ব ক্যাডারের কর্মকর্তা দ্বারা পরিচালনার দাবি করছে। ইতোমধ্যে গত ২৪ ডিসেম্বর দেশজুড়ে একঘন্টার কলম বিরতি পালন করা হয়। মানববন্ধনে কর্মকর্তারা গত ২৫ ডিসেম্বর রাতে সচিবালযের ৭ নম্বর ভবনে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান। অগ্নিনির্বাপন কালে ফায়ার সার্ভিস কর্মী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। বিগত সময়ের দূর্নীতির নথি গায়েবের জন্য এটা কোন ষড়যন্ত্র কিনা তা খতিয়ান দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া জবাবদিহিমূলক জনবান্ধব সিভিল প্রশাসনের দাবিতে পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা দৃঢ়তা প্রকাশ করেন। পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।