৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে বিএডিসি শ্রমিকদের অবস্থান কর্মসূচী পালন

Admin Published: August 18, 2025, 5:47 pm
রাজশাহীতে বিএডিসি শ্রমিকদের অবস্থান কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার : ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিএডিসি রাজশাহী কার্যালয়ের সামনে কয়েকশ শ্রমিক অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন অনিয়মিত শ্রমিক তাহারাজ আলী, শরিফুল ইসলাম নবাব, মিজানুর রহমান, আরিফুল ইসলাম, জিলানি জিয়ারুল ইসলাম ও রফিকুল ইসলামসহ অনেকে।

তারা বলেন, সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে সোমবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত  তাদের কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

শ্রমিক নেতাদের অভিযোগ, ২০১৭ সালে প্রণীত ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা’ অনুযায়ী স্থায়ী করার সুযোগ থাকলেও বিএডিসি কর্তৃপক্ষ তা কার্যকর করেনি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে কৃষি মন্ত্রণালয়ও অনিয়মিত শ্রমিকদের স্থায়ী করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশনা গত ছয় বছর ধরে উপেক্ষিত হয়েছে।

রাজশাহীর অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক রফিকুল ইসলাম বলেন, আমরা বছরের পর বছর ধরে বীজ উৎপাদন, সংরক্ষণ, সেচসহ নানা ধরনের কাজ করছি। অথচ আজ আমাদের সাময়িক শ্রমিক বানিয়ে দেওয়া হচ্ছে। এটা শুধু অন্যায় নয়, আমাদের সঙ্গে প্রতারণাও।