স্টাফ রিপোর্টার : শহীদ জিয়া পরিবারের প্রতি অবমাননা, কটুক্তি ও পল্টনে বোমা হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রবিবার বিকেলে মহানগরীর বাটার মোড়ে নগর বিএনপির চার থানার নেতাকর্মীদের সম্বন্বয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী। বিশেষ অতিথি ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপির সাবেক সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মোজাদ্দেদ জামানী সুমন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিএনপি নেতা জাকির হোসেন রিমন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একটি দলের শুক্রবার-শুক্রবার সাতদিন বয়স হয়নি। যারা রাজনীতি সম্পর্কে কিছু জানেনা। এখনো লেখাপাড়া শেষ করতে পারেনি, ওই দলের নেতারা বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বেগম জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কুরুচিপূর্ন বক্তব্য প্রদান করছে। বিএনপি এটা কখনো মেনে নেবেনা।
বক্তার আরো বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নেতাকর্মীরা জেল, জুলুমের স্বীকার হয়েছেন। এখনো হচ্ছেন। সেইসাথে হাজার হাজার নেতাকর্মীকে পতিত সরকার খুন ও গুম করেছে। লক্ষ লক্ষ মামলা হয়েছে। পুলিশি নির্যাতনের ভয়ে বাড়িতে ঘুমাতে পারেননি। আর যে দলের প্রতিষ্ঠাতা একজন বীরউত্তম এবং স্বাধীনতার ঘোষক ও সম্মুখ মুক্তিযোদ্ধা তাঁকে নিয়ে এমন মন্তব্য ও এমন ন্যাক্কারজনক কাজ বিএনপি কখনই মানবেনা বলে হুঁশিয়ারী দেন তারা।
সমাবেশ শেষে নগরীর বাটার মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সোনাদিঘির মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ করেন।