স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই সরিষার তেল বাজারজাত করায় রাজশাহীর নিউ খান ফুড প্রোডাক্টস নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, রাজশাহী বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত নিউ খান ফুড প্রোডাক্টস নামের এ প্রতিষ্ঠান বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে ‘সরিষার তেল’ বাজারজাতকরণ এবং পণ্যের প্যাকেট/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে আসছিলো। পাশাপাশি প্রতিষ্ঠানটি অন্যের মোড়ক নকল করে ‘বিস্কুট’ এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘চানাচুর’ উৎপাদন ও বিক্রি এবং বিতরণ করছিলো।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।