স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ গ্রহণ না করেই ‘ইউ-পিভিসি পাইপ’ উৎপাদন ও বিক্রি করায় একটি প্লাস্টিক ফ্যাক্টরীকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর আসাম কলোনী এলাকায় অবস্থিত মদিনা প্লাস্টিক ফ্যাক্টরী নামের প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন, রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
বিএসটিআই সূত্র জানায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করেই ‘ইউ-পিভিসি পাইপ’ উৎপাদন ও বিক্রি করায় একলক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই।