৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Admin Published: March 26, 2025, 3:07 pm
রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বুধবার রাজশাহীতে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রাজশাহী জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, সিটি করপোরেশন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর জেলা পুলিশ লাইনসে ৩১ বার তোপধ্বনি করা হয়। দিনের শুরুতেই রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

ভোর সাড়ে ৬টায় কোর্ট শহীদ মিনারে ফুল দেন শ্রদ্ধা নিবেদন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এরপর সকাল ৯টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

তবে এ বছর রমজানের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ বন্ধ থাকায় আনুষ্ঠানিক কার্যক্রমে অনেকটা ভাটা পড়েছে। সীমিত পরিসরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার দুপুরে জাতির সুখ-শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী জেলা পরিষদ দিবসটি নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করেণ। এছাড়া রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, রুয়েট, বিএমডিএ, বরেন্দ্র ইউনির্ভাসিটি, রাকাব, সিসিবিভিও পৃধকভাবে দিবসটি উদযাপন করেন। রাজশাহীর উপজেলা পর্যায়েও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।#