স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টা ধরে একইভাবে প্রবাহিত হচ্ছে। এই সময়ে পানি বৃদ্ধি হয় নি, কমেওনি।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পদ্মার পানির উচ্চতা পরিমাপক) এনামুল হক জানান, সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি পরিমাপ করা হয় ১৭ দশমিক ৪৯ মিটার। আগের দিন বুধবারে একই সমেয় পানির উচ্চতা ছিল একই। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ছিলো রাজশাহী পয়েন্টে ১৭ দশমিক ৪৬ মিটার। রাজশাহী শহরে পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। সে অনুযায়ী বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এখন পদ্মা।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, আগামী তিন দিন পানি বৃদ্ধির পূর্বাভাস নাই। তবে স্থিতিশীলতার পর এরপর পানি কমতে শুরু করতে পারে।
এদিকে পদ্মার পানি বাড়ায় জেলার পবা, বাঘা ও গোদাগাড়ীর চরাঞ্চলের ঘরবাড়িতে প্লাবিত হয়েছে। চরাঞ্চল ছাড়াও রাজশাহীর নগর সাইডের পদ্মা তীরবর্তি পঞ্চবটি, তালাইমারি, কাজলা, পাঠানপাড়া, বুলনপুর, শ্রীরামপুর এলাকার ঘরবাড়িতে পানি উঠেছে।
ছাড়াড়া রাজশাহী শহর থেকে দক্ষিণে পবার চরখিদিরপুর, খানপুর ও মিডলচর ডুবে গেছে। তলিয়ে গেছে বিন্তীর্ণ ফসলের ক্ষেত। গবাদী পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন এপারে।