৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে বড়দিনের আয়োজনে মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা

Admin Published: December 25, 2025, 4:31 pm
রাজশাহীতে বড়দিনের আয়োজনে মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহী নগরীর ডিঙ্গাডোবায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এ প্রার্থনায় সারা বিশ্বের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

একই সঙ্গে নগরীর সিটি চার্চসহ বিভিন্ন উপাসনালয়ে যিশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিনকে কেন্দ্র করে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। ঘরে ঘরে সাজসজ্জা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পারিবারিক মিলনমেলায় উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।

রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধানসহ স ংশ্লিষ্টরা মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা চার্চ পরিদর্শন করেন। তাঁদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান আরও ভাবগম্ভীর ও উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বড়দিন উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে মহানগরীর বিভিন্ন চার্চে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিললুর রহমান উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জাসহ কয়েকটি চার্চ পরিদর্শন করেন।

এসময় তিনি ধর্মযাজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পুলিশ কমিশনার আরএমপি’র পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের আহ্বান জানান। তিনি কেক কাটায় অংশগ্রহণ করেন এবং গির্জার শিশুদের নিজ হাতে কেক কেটে খাওয়ান। বিকেলে আরএমপি কমিশনার নগরীর শাহমখদুম থানাধীন ওমরপর বিশপ হাউস পরিদর্শন করেন।