৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, গাছের চারা উপহার

Admin Published: June 24, 2025, 2:22 pm
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, গাছের চারা উপহার

স্টাফ রিপোর্টার : বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সপুরা গোরস্থানে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটি এ কর্মসূচি শুরু করে।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও স্থানীয়দের বৃক্ষ উপহার দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। পরে মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নীম, জলপাই, তেঁতুল, খেজুরসহ বিভিন্ন প্রজাতির ৫০০টি গাছ রোপণ ও স্থানীয়দের বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রশংসনীয় আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, সকলের উচিত এভাবে বৃক্ষরোপণ করা। রাজশাহীতে গরমের সময় তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রির ওপরে উঠে যায়। বৃক্ষরোপণ করলে গরম কম লাগে। এছাড়া এটি সাদকায়ে জারিয়া, অনেক মহৎ একটি কাজ। তিনি বলেন, বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ বাংলাদেশ গড়তে হবে। এসব কার্যক্রমে সবার সম্পৃক্ত হওয়া উচিত।

ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, প্রথমত বৃক্ষরোপণ একটি ইবাদত; যেটি সাদকায়ে জারিয়া অর্থাৎ মৃত্যুর পরও সওয়াব পাওয়া যায়। দ্বিতীয়ত পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অনেক ইফেক্টিভ। সেজন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তিনি বলেন, যেভাবে পরিবেশের বিপর্যয় ঘটেই চলেছে, সম্ভবত পৃথিবীর ধ্বংস খুবই সন্নিকটে। তাই অবশ্যই সবার বৃক্ষরোপণ করা উচিত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা নগরীতে এ কার্যক্রম শুরু করেছি। উপজেলাগুলোতে ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচিতে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবু জাফর আলমগীর (বাবু), সমাজসেবক নাজমুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ সজল, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য মাসুম আহমেদ, মাসুদ পারভেজ, মোতাসিম বিল্লাহ মাসুম, আব্দুল হাফিজ, সাফিজুল ইসলাম, আবু শুআইব আলম সিফাত, সাব্বির রহমান ইমন, আলফা ও আবু সাইদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।