স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চালককে হত্যা করে তার রিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে এমন ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। রবিবার দুপুরে রাজশাহীর দামকুড়া থানার কাজীপুর গ্রামের আমবাগান থেকে নিহত রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়।
নিহত রিকশাচালকের নাম মো. সাজিমুল (৩৫)। সে দামকুড়া থানার বাথানবাড়ি গ্রামের মো. আলমের ছেলে। দামকুড়া থানার ওসি রিয়াজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি রিয়াজুল ইসলাম জানান, সাজিমুল এক ব্যক্তির ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন। শনিবার বিকালে তিনি রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রবিবার দুপুরে স্থানীয়রা আমবাগানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তবে তার কাছে থাকা রিকশাটি পাওয়া যায় নি।