স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চলন্ত বাস থেকে যুবককে ফেলে দিয়ে হত্যা মামলার আসামি ড্রাইভার রুবেল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর থানাধীন মোহাম্মদী নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চকপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গত ৩০ নভেম্বর আলাউদ্দিন নামের এক যুবক তার ছোট বোন ও ভাগ্নেকে গোদাগাড়ীতে যাওয়ার জন্য বাসে তুলতে আসে। নগরীর মোল্লাপাড়া মোড়ে ছোট বোন রুমি খাতুন (২৭) ও তার শিশু সন্তানকে রাহুল ডিলাক্স পরিবহন নামের বাসে তুলে দেন। বাসে উঠার পর সিট না পেয়ে হেলপারকে বললে সে আর কর্ণপাত না করে দ্রুত চালিয়ে যেতে থাকে। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে চলন্ত বাস থেকে আলাউদ্দিনকে ফেলে দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় পরের দিন তার মৃত্যু হয়। এ ঘটনায় তার আলাউদ্দিনের ভাই বাদী হয়ে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় বাস ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ড্রাইভার রুবেলকে গ্রেফতার করে র্যাব। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।