৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬
দুইদিনে ১১ রোগী সনাক্ত!

রাজশাহীতে চোখ রাঙাচ্ছে করোনা

Admin Published: June 3, 2025, 12:12 am
রাজশাহীতে চোখ রাঙাচ্ছে করোনা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ফের আতঙ্ক ছড়িয়েছে করোনা। গত দুদিনে চারজন চিকিৎসকসহ ১১ জনের করোনা সনাক্ত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সর্বশেষ সোমবার ৯ জন ও আগের দিন রবিবার দুইজন করোনা পজিটিভ হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। যার মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন। তার আগের দিন রবিবার একই পিসিআর ল্যাবে দুজনের করোনা টেস্ট করা হলেই দুজনার পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসকষ্ট আছে। আর করোনা পজিটিভ হওয়া অন্য রোগীগুলো নিজ নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো. ফয়সল আলম বলেন, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে রবিবার দুজনের করোনা টেস্ট করে দুজনারই পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে একজন রামেক হাসপাতালে ভর্তি রয়েছে। তার শ্বাসকষ্ট আছে। সোমবার ১৫ জনের করোনা পরীক্ষা করে ৯ জনের পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে ৪ জন চিকিৎসক।  

তিনি বলেন, প্রত্যেকের উপসর্গ প্রায় একই রকম। সবার হালকা জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা উপসর্গ রয়েছে। সর্বশেষ যাদের করোনা পজিটিভ পাওয়া গেছে তাদের পরিবারের অন্য সদস্যরাও সবাই একই উপসর্গে আক্রান্ত।

করোনা টেস্ট শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ ছাড়া আর কোথাও করা হয় না। তাও চিকিৎসক দিয়ে এই টেস্ট করানো হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব গত বছর থেকেই বন্ধ। রাজশাহীর সিভিল সার্জন রাজিউল করিম বলেন, বিষয়টি অফিশিয়ালি জানা নেই। এ বিষয়ে খোজ নিয়ে পরবর্তি সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।