স্টাফ রিপোর্টার : দেশি মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ার প্রত্যয়ে রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য সড়ক র্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৎস্য খাতে অসামান্য অবদানের জন্য জেলার সেরা ৪ জন ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া এবং মৎস্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. আব্দুল ওহায়েদ মন্ডল ও মনিরুজ্জামান।
সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষিদের জন্য প্রশিক্ষণ কর্মশালা এবং স্কুল-কলেজে সচেতনতামূলক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।