স্টাফ রিপোর্টার :রাজশাহী নগরীতে দই-মিষ্টির দোকানে অভিজান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
রাজশাহী বিএসটিআই সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত চলাকালে ‘সুইটমিট (মিষ্টি)’ পণ্যের অনুকূলে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি’ পণ্যের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই উৎপাদন ও বিক্রয়-বিতরণ করে আসছিলো। তাদের পণ্যের প্যাকেট বা মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ আনুষঙ্গিক তথ্য সম্বলিত কোনো লেবেল না থাকায় সাহেব বাজার আরডিএ মার্কেট সংলগ্ন নিতাই মিষ্টি ঘর নামক প্রতিষ্ঠানটিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগীয় বিএসটিআই অফিসের সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।