স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এবার শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে রাজশাহী মহানগরীর হজরত শাহ্ মখদুম (রহ.) দরগাহ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, জায়গার স্বল্পতার কারণে শাহ্ মখদুম (রহ.) দরগাহ মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টায় এবং একই স্থানে সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
সকাল আটটায় অনুষ্ঠিত প্রথম জামাতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জের উপর-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মহানগরীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
এ বছর পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতে ইমামতি করেন হজরত শাহ্ মখদুম (রহ.) দরগাহ মসজিদের পেশ ইমাম মুস্তাফিজুর রহমান কাসেমী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন মুফতি মহিবুল্লাহ।
নামাজ শেষে জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ঈদগাহে আগত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ভূমিমন্ত্রী, সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে ভূমিমন্ত্রী বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও ঈদের নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং দেশকে এগিয়ে নিতে সবার মধ্যে ঈদের ভালোবাসার বন্ধন অটুট রাখতে হবে।
এদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সূর্যোদয়ের সাথে সাথে মহানগরীর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ বিশেষভাবে সজ্জিত করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এদিন হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করে।