১০ চৈত্র, ১৪৩২
২৪ মার্চ, ২০২৬

রাজশাহীতে ঈদের প্রধান জামাত হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে

Admin Published: March 19, 2026, 11:33 pm
রাজশাহীতে ঈদের প্রধান জামাত হযরত শাহ মখদুম  (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম রূপোস (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। তবে ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম রূপোস (র.) দরগা মসজিদে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসনের সর্বশেষ প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সর্বশেষ বুধবার রাজশাহীর হযরত শাহমখদুম রূপোস (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি জানান, রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে ঈদগাহের প্রস্ততি চলছে। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারের সে জন্য সব প্রস্ততি নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেই ঈদের প্রধান জামায়াতের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে।

জানা গেছে, ঈদের দিন নামাজের আগে মুসল্লিদের সঙ্গে হযরত শাহমখদুম রূপোস (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুভেচ্ছা বিনিময় করবেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।

জেলা পর্যায়ের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতর উদযাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীর অন্যান্য ঈদগাহগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত ঈদের দিন সকাল ৮টায় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মহিলা মুসল্লীদের জন্য পৃথক প্রবেশ পথ ও পৃথক প্যান্ডেলে ঈদ জামায়াতে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। মহিলা মুসল্লীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন বিএনসিসি গেইট দিয়ে প্রবেশ করবেন এবং নামাজ শেষে একই পথে বের হবেন। রাবির জনসংযোগ দফতর এ তথ্য জানিয়েছেন।

এছাড়া রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত একই সময়ে মহানগর ঈদগাহ (টিকাপাড়া) অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় হবে। বৃষ্টি হলে পাশের টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে, যেখানে প্রধান সড়কের ওপর একটিই ঈদ জামাত হবে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৭টায়। রাজশাহীর বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া স্থানীয় মসজিদ কমিটিগুলো নিজেদের সুবিধামতো সময় নির্ধারণ করে আগের দিন মাইকিংয়ের মাধ্যমে তা জানিয়ে দেবে বলে জানানো হয়েছে।