স্টাফ রিপোর্টার : ‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী, যুবক এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প বাস্তাবায়ন করছে রাজশাহীর বেসরকারি উন্নয়ন সংস্থা এসিডি। আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে জিএফএ কনসালটিং গ্রুপ এ প্রকল্পের সহায়তা করছেন।
মঙ্গলবার রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এ প্রকল্পের বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. যোবায়ের হোসেন। তিনি প্রকল্পের কার্যক্রমকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি শুধু প্রকল্প বাস্তবায়ন, যাতে করে মানুষের ইতিবাচক জীবন পরিবর্তন হয়, তার জন্য কাজ করার আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে বিচার ও মানবাধিকার সুরক্ষায় আরও আস্থা ও সক্ষমতা যোগাবে বলেও উল্লেখ করেন।
জিএফএ কনসাল্টিং গ্রুপের ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের প্রেক্ষাপট তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে অংশগ্রহণকারীরা কীভাবে প্রকল্প কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখা যায় তা নিয়ে পরামর্শ দেন।
সুব্রত পালের সঞ্চালনায় আইন ও সালিশ কেন্দ্রের সমন্বকারী মো. রোকনুজ্জামান এবং এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল প্রতিষ্ঠানের পক্ষে প্রকল্প সম্পর্কিত তথ্য চিত্র উপস্থান করেন। প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য হলো দেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন সাধন ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করা বলে এসিডি জানায়।
সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারি কমিশনার সেহরীন তাবাসসুম তিথী ও সামিয়া রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, সুজনের রাজশাহী সভাপতি সফিউদ্দিন আহমদ প্রমূখ। স্থানীয় মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে আলোচনায় মানবাধিকার ও লিঙ্গসমতা বিষয়ে সক্রিয় ভূমিকা, আইনগত সহায়তার মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিকারে কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়।