স্টাফ রিপোর্টার : যাত্রী সেজে অভিনব কায়দায় গাঁজা ও হেরোইন বহনকালে রাজশাহীতে মাদক কারবারী ভাইবোনসহ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াজ (২৫) ও তার বোন লিপি বেগম (৩২), একই উপজেলার নারায়নপুর গ্রামের ওলি মিয়ার ছেলে জিয়াউর রহমান (৪০) ও চাঁপাইনাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রমের সাইদুল ইসলামের ছেলে সোহাগ আলী (২৬)। এদের মধ্যে সোহাগ সিএনজি চালক। রাজশাহী নগরীর বেলপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার রাজশাহী র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ২৮০ গ্রাম হেরোইন ও একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে জাাননো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাবের আভিযানিক শনিবার বিকেলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে। পরে তাদের কাছে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী করে গাঁজা ও হেরোইন জব্দ করা হয়। এসব মাদক হবিগঞ্জ থেকে চাঁপাইনাববগঞ্জে বিক্রির জন্য নেওয়া হচ্ছিলো।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় বিভিন্ন পরিবহনে যাত্রীবেশে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মাদক বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তাদের রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।