স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর উপকন্ঠ কাটাখালী থেকে প্রায় ৫৪ কেজি গাজার চালান জব্দ করেছে র্যাব৷ এসময় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, নগরীর শিরইল এলাকার আশাদ খাঁ (২১), মিরকামারী এলাকার মেহেদী হাসান (২৪), একই এলাকার সাবিনা বেগম (৪০)। এরা চিহ্নিত মাদক কারবারি জেসমিন ওরফে বিবিজানের সহযোগী বলে জানিয়েছে র্যার৷
রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে কাটাখালী থানাধীন নলখোলা ও মীরকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা জেসমিন ওরফে বিবিজানের মাধ্যমে গাঁজা পরিবহন ও বিক্রি করত। অভিযানে তাদের বসতবাড়ীর শয়ন কক্ষের খাটের নিচে কার্টুনে লুকানো ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম জব্দ করা হয়।
র্যাব জানায়, জেসমিন রাজশাহীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করতো। অভিযানের সময় জেসমিন পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে পলাতক মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা জেসমিনের নির্দেশে গাঁজা ডেলিভারি করত।
তারা জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করা হতো।
গ্রেফতারকৃতদের নগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।